সাদা শার্ট
এক বালক, তার প্রিয় শার্ট, আর মায়ের নিঃশব্দ শিক্ষা
“পাউলো!
আবার! সামুদ্রিক ঝোলে আরও একটা শার্ট গেল!”
পাউলো চুপচাপ মায়ের দিকে তাকিয়ে রইল।
“হয় তুমি আর কখনও সামুদ্রিক ঝোল খাবে না, নয়তো আর কখনও সাদা শার্ট পরবে না। তোমার পছন্দ।”
“কিন্তু মা, আমি তো কেবল সামুদ্রিক ঝোলই খাই আর কেবল সাদা শার্টই পরি। আমি কী করব?” সে চিৎকার করে উঠল, তার চোখের জল ঝোলে আর সারা সাদা শার্টে পড়তে লাগল।
“কাল তোমার পরীক্ষা,” মা ঘোষণা করলেন।
“তুমি তোমার প্রিয় সাদা শার্ট পরবে আর এমন সামুদ্রিক ঝোল খাবে যা কখনও খাও নি — বাড়তি ঝিনুকে ভরা।”
পাউলো চেয়ারে নড়েচড়ে বসল। ঝিনুক সে ভীষণ ভালোবাসত।
পরদিন পাউলোর মা তাকে অবাক করে দিলেন। তিনি তাকে নিয়ে গেলেন গোটা দ্বীপের সবচেয়ে সুন্দর ক্যাফেতে। সেটি তার সামুদ্রিক ঝোলের জন্য বিখ্যাত ছিল।
এমন জায়গায় বালকটির এই প্রথম আসা।
সে চেয়ারটা টেনে নিল, সাদা শার্টে সোজা হয়ে বসল, কোলের উপর লিনেন ন্যাপকিন বিছিয়ে দিল।
বেয়ারা একটি সুদৃশ্য চামচের সঙ্গে পাউলোর ঝোল নিয়ে এল।
পাউলো অতি সাবধানে চামচটি তুলল। চার ঘণ্টা পরেও বালকটি খেয়েই চলেছে, প্রাণপণ চেষ্টা করছে যেন সেই সুদৃশ্য চামচ থেকে এক ফোঁটাও না পড়ে।
বেয়ারা টেবিলের কাছে এল। “আমি খুবই দুঃখিত, কিন্তু আমরা বন্ধ করছি।”
বালকটি তার ঝোলের দিকে তাকাল। বাটিতে অর্ধেক তখনও পড়ে আছে, কিন্তু তার সাদা শার্ট কখনও এত পরিষ্কার ছিল না।
মা এক হাত পিঠে রেখে উঠে দাঁড়ালেন, আর হাসলেন।
“তোমার ঝোলই আমার সবচেয়ে ভালো লাগে,” ধুলোভরা পথে বেরিয়ে আসতে আসতে পাউলো ফিসফিস করে বলল।
মা এমন উজ্জ্বল হয়ে হাসলেন যে সেই হাসি পাউলোর শার্টের শুভ্রতার সমান হয়ে উঠল।
A story by Pemba Umoja