অদৃশ্য মুখের বাঁধন

না-বলা কথা

অদৃশ্য মুখের বাঁধন — a story by Pemba Umoja

“পাতা সবসময় আমিই পরিষ্কার করি,” চাপা রাগে ফুঁসতে ফুঁসতে সে বলল।

স্বামী তার দিকে তাকাল। তার মাথা বুকের ওপর ঝুলে পড়ল। তার মনে পড়ল, গত বছর সে একা একা ঘণ্টার পর ঘণ্টা উঠোনে পাতা পরিষ্কার করেছিল। তার আগের বছরও।

“ময়লা সবসময় শুধু আমিই ফেলতে যাই,” সে ঘোষণা করল।

তার চিবুক বুকের ওপরই রইল। তার মনে পড়ল, অসংখ্যবার সে মেঝে থেকে টিস্যু কুড়িয়েছে আর সারা বাড়িতে ছড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট ময়লার ঝুড়িগুলো খালি করেছে।

“বাজারে তো আমিই যাই।”

তার চোখ বুজে এল, চিবুক বুকের ওপর রাখা। যেন তাকে শিকলে জড়িয়ে রাখা হয়েছে, অদৃশ্য শিকলে, আর অদৃশ্য এক বাঁধনে তার মুখ বেঁধে দেওয়া হয়েছে।

“আমি কেমন বোধ করি, তুমি কখনো বোঝো না,” সে ঘোষণা করল।

মুখের বাঁধন তাকে কথা বলতে দিচ্ছিল না। অদৃশ্য শিকল তাকে নিশ্চল করে রেখেছিল। তার চিবুক বুকের সঙ্গে চেপে রইল, আর তার বক্ষে ফুটে উঠল একটি গোলাপি গোলাপ।

তার মনে হলো, এমন কিছুই নেই যা বলে বা করে সে পরিস্থিতি বদলাতে পারে। সে ঠিক করল, স্ত্রীর সঙ্গে নয়, নিজের সঙ্গেই কথা বলবে।

আর সে ভাবল, আমি যা করি তার যদি কোনো স্বীকৃতিই না মেলে, তবে তা করব কেন?

হয়তো আমি থালাবাসন ধোব না আর কাপড় কাচব না আর ঝাড়ু দেব না আর পাতা কুড়োব না আর ময়লা ফেলব না। ও তো এমনিতেও মনে করে না যে আমি এসব করি, নিজেকে বোঝাল সে।

স্ত্রীর বলা শেষ হলে সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, নিজের থালা পরিষ্কার করল, এঁটোকাঁটা ময়লার ঝুড়িতে ফেলল, তারপর সারা বাড়ি ঘুরে সব ছোট ময়লার ঝুড়ি খালি করল।

পেম্বা উমোজার একটি গল্প