রেড ডেলিশাস

শরতের এক বেড়ানো

রেড ডেলিশাস — a story by Pemba Umoja

অ্যালিস আগে কখনো আপেল পাড়েনি। তার প্রথম আপেল পাড়তে যাওয়ার জন্য জোসেফ খুশিমনেই তাকে নিজের বাবা-মা আর ভাইয়ের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিল।

রেড ডেলিশাস আপেলই ছিল তার সবচেয়ে পছন্দের, কিন্তু সে শুধু সুপারমার্কেটের আপেলই খেয়েছিল, সংরক্ষণের জন্য যেগুলোর গায়ে মোমের পাতলা প্রলেপ দেওয়া থাকে আর দোকানের তাকে পৌঁছনোর আগে যেগুলো গুদামে আর ট্র্যাক্টর-ট্রেলারে মাসের পর মাস কাটাতে পারে।

এই প্রথম অ্যালিস নিজের হাতে গাছ থেকে আপেল পাড়ার সুযোগ পাবে।

ডেমিয়েন আর তার তুতো ভাইবোনেরাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিল। বাচ্চাকাচ্চার দলও আসবে। সে তার গাড়ি সারাইয়ের দোকান থেকে একটু বেরোতে চাইছিল। ব্যবসা ভালো চলছিল, এতটাই ভালো যে সপ্তাহের বেশির ভাগ সময়ই তার কাটত গাড়ি আর মোটরসাইকেলের নিচে। সারা গায়ে গ্রিজ মেখে সে বাড়ি ফিরত। তার গাঢ় বাদামি গোঁফ থেকে সেটা তোলা বিশেষ কঠিন ছিল, আর চুঁইয়ে পড়া তেলে গোঁফটা প্রায়ই একেবারে কালো দেখাত।

অনেক দিনই সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত তার বাচ্চাকাচ্চার দলের কাছে। সবাই বাবার সঙ্গে সময় কাটাতে চাইত, কিন্তু সে প্রায়ই খিটখিটে হয়ে থাকত। সে চেয়েছিল ভালো করে একটু বেড়াতে, আর ছেলেমেয়েদের সামনে আরও ভালো দৃষ্টান্ত রাখতে। তার গোঁফ তখনও কালো ছিল। শুক্রবার দোকানে বিশেষ খাটুনি গিয়েছিল।

অ্যালিস, জোসেফ, তার বাবা-মা আর ভাই আপেলবাগানে ঢুকল। তারা গাছের সারির মাঝ দিয়ে এদিক-ওদিক হাঁটল। অ্যালিসের নিজেকে আপেলের মিষ্টির দোকানে আসা কোনো শিশুর মতো মনে হচ্ছিল, কিন্তু রেড ডেলিশাস আপেল কোথাও পাওয়া যাচ্ছিল না।

জোসেফ বাগানে কাজ করা একজন অভিবাসী শ্রমিককে জিজ্ঞেস করল।

“ওদিকে কিছু আছে, তবে দড়ি দিয়ে ঘেরা, কারণ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তা নিয়ে ভাববেন না অবশ্য, কয়েকটা পাড়তে পারেন।”

অ্যালিসের মাথায় রেড ডেলিশাস আপেলের ছবি নাচছিল, তার মুখ ঝলমল করছিল।

তারা অন্য জাতের আপেলের সারি পেরিয়ে এগোল: কর্টল্যান্ড, জোনাগোল্ড, ম্যাকিনটশ। পথে তারা একটি বড় পরিবারের দলকে পাশ কাটিয়ে গেল, আর সেখানেই ছিল রেড ডেলিশাস। দড়ি দিয়ে ঘেরা, সঙ্গে আপেল পাড়তে বারণ করা সাইনবোর্ড।

অ্যালিস দড়ির ওপারে হাত বাড়িয়ে তার চোখে পড়া সবচেয়ে বড়, সবচেয়ে লাল আপেলটা পাড়ল।

“দেখেছি কিন্তু!” তারা যে পরিবারের দলটিকে পাশ কাটিয়ে এসেছিল, সেখান থেকে দাড়িওয়ালা এক মোটাসোটা লোক চেঁচিয়ে উঠল।

অ্যালিস ভাবল লোকটা মজা করছে। অ্যালিস আরেকটা আপেল পাড়ল, জোসেফ, তার বাবা আর ভাইও পাড়ল।

দড়ির ওপারের এই নিষিদ্ধ আপেলগুলো তারা পেড়ে চেখে দেখল, তারপর ব্যাগ নিয়ে ফিরে এল বেরিয়ে যাওয়ার জন্য।

ডেমিয়েন দেখল নিয়মভাঙা লোকগুলো এগিয়ে আসছে। তার বিশ্বাস হচ্ছিল না। তাদের ঠিক চোখের সামনে “আপেল পাড়বেন না” লেখা সাইনবোর্ড ছিল, অথচ তারা ঠিক সেটাই করল।

“এই যে, আমরা আপনাদের দেখেছি। আপনারা বাকি সবার আনন্দ মাটি করছেন,” সে ধমকে বলল। “এটুকুও বোঝেন না?”

আপেলচোর পরিবারটি কিছু বলল না।

“আমি জানি আপনারা শুনতে পাচ্ছেন,” তাদের উসকানি দিয়ে সে বলল।

সে তার ছেলেমেয়েদের দিকে তাকাল। তারা গর্বের সঙ্গে বাবার দিকে তাকাল।

জোসেফের বাবা কয়েক পা এগিয়ে গিয়ে তারপর ঘুরে দাঁড়ালেন।

“ওরা আমাদের বলেছে আপেলগুলো পাড়তে পারি,” তিনি উত্তর দিলেন।

ডেমিয়েন শূন্য দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইল।

“নিজের ছেলেমেয়েদের বকাঝকা করায় মন দিন না, আর নিজের চরকায় তেল দিন,” জোসেফের বাবা বলে চললেন।

“আমি নিজের চরকাতেই তেল দিচ্ছি,” ডেমিয়েন উত্তর দিল।

তার ছেলেমেয়েরা বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল।

অ্যালিস চুপচাপ পুষ্ট রেড ডেলিশাস আপেলটা ব্যাগে রাখল।

অ্যালিস, জোসেফ আর তার পরিবার হেঁটে চলে গেল।

ডেমিয়েন আর তার পরিবার দড়িগুলোর সঠিক পাশে আপেল পেড়ে চলল।

বৃষ্টি শুরু হলো।

A story by Pemba Umoja