ঝাঁক ছাড়া
অন্য এক জগতের আভাস পেলে কী হয়

ঝাঁকের সঙ্গে খেলতে খুব মজা লাগত। প্রতিদিন সূর্য ঝিকমিক করত আর আমরা পাথর থেকে ডিম খেতে যেতাম।
একদিন, আমাদের সামনের সমস্ত জল এক অদ্ভুত স্ফীত বস্তুতে ঢেকে গেল আর জল এমনভাবে মথিত হতে লাগল যেন এক বিরাট ঝড় উঠেছে।
কোথা থেকে এক অদ্ভুত প্রাণী উদয় হলো, তার হাতে ছিল কৌতুহলোদ্দীপক সুস্বাদু খাবার। মনে হচ্ছিল সে যেন উপর থেকে—অন্য কোনো জগৎ থেকে হাত বাড়িয়েছে।
প্রাণীটি এই চমৎকার খাবারটিকে ছোট ছোট, লোভনীয় টুকরো করে ফেলল। এ এমন এক স্বাদ যা আমি আগে কখনও পাইনি। আমরা প্রতিদিন যে ডিম খেতাম, তার চেয়েও ভালো।
আমরা সবাই উন্মত্তের মতো ছুটে গেলাম যতটা সম্ভব তা দখল করার জন্য।
প্রাণীটির লম্বা, অদ্ভুত উপাঙ্গগুলো তার চিমটের মতো থাবার মধ্যে খাবারের টুকরোগুলো ধরে রেখেছিল।
আর সেখানেই ছিল সেটি। সবথেকে বড়, সবথেকে রসালো টুকরোটা, ঐ লম্বা, সরু চিমটেগুলোর মাঝে।
আমি দ্রুত, আক্রমণাত্মকভাবে সাঁতরে গেলাম সেই টুকরোটিকে নিজের বলে দাবি করতে।
হঠাৎ, সেই অদ্ভুত থাবাগুলো আমাকে ধরে ফেলল। আমি আটকা পড়লাম, তারপর স্বর্গের দিকে উঁচুতে তুলে নেওয়া হলাম। আমি আর শ্বাস নিতে পারছিলাম না। দেখতেও পারছিলাম না প্রায়। আমি একা ছিলাম।
আমার চামড়ায় শিরশির করতে লাগল। একটা উজ্জ্বল আলো দেখা গেল।
আমি প্রাণীটির মুঠি থেকে ছাড়া পাওয়ার জন্য সর্বশক্তি দিয়ে ছটফট করতে লাগলাম, ছটফট করতে লাগলাম, ছটফট করতে লাগলাম।
এবং এমন এক মুহূর্তে যা আমার মনে চিরকাল খোদাই করা থাকবে, আমি সেই শক্ত চিমটেগুলো থেকে পালিয়ে গেলাম, এক শূন্যতার মধ্যে দিয়ে পড়লাম। সবকিছু ঝাপসা হয়ে গেল। আর তারপর আমি আবার ঝাঁকের মাঝে। ওরা পাথর থেকে ডিম খেতে যাচ্ছিল।
আমি আনন্দের সঙ্গে ওদের সাথে যোগ দিলাম।
আমি আর কখনও বিদেশী খাবার চেখে দেখতে চাইনি। আমি আর সেই স্ফীত বস্তুটা দেখতে চাইনি যা আমাদের জগতে ঝড় নিয়ে এসেছিল। আমি নিজেকে কথা দিয়েছিলাম যে যদি আমি আবার সেই অদ্ভুত প্রাণীটির চিমটে দেখি, আমি অনেক, অনেক দূরে চলে যাব।
কিন্তু সেই খাবার? আমি কি কখনও তা ভুলতে পারব?
ঝাঁকের সবাই আমাকে জিজ্ঞাসা করল আমি ঠিক আছি কিনা। আমি নিশ্চিত ছিলাম না।
আমি কোথায় গিয়েছিলাম? আমি কি ঈশ্বরকে দেখেছিলাম? কোনো ভিনগ্রহের প্রাণী?
অন্যরা আমার সাথে অন্যরকম ব্যবহার করতে শুরু করল। এমনকি আমাকে শ্রদ্ধা করতে লাগল। আমি উপরে গিয়েছিলাম।
ওরা আমাকে আমাদের জগৎ ছেড়ে যেতে এবং ফিরে আসতে দেখেছিল।
আমি আবার ওদের মতো হতে চেয়েছিলাম, কিন্তু আমি আর কখনও তা হতে পারতাম না।
আমার চোখ এক সম্পূর্ণ নতুন মহাবিশ্বের দিকে খুলে গিয়েছিল।
আমি চিরকাল ভিন্নই থেকে যাব।
পেম্বা উমোজার একটি গল্প