শেষ নিঃশ্বাস
একটি আধুনিক উপকথা

নেকড়ের দলটি বনের পথ ধরে হাঁটছিল।
“দেখো, একটা গোলাপঝাড়,” যেতে যেতে মন্তব্য করল বড় ভাই নেকড়ে, তার গন্ধ শুঁকতে একটুও থামল না।
বাবা নেকড়েও তা-ই করল, একবার তাকালও না।
কিন্তু মা নেকড়ে পেছনে পেছনে আসছিল, গোলাপগুলোর দিকে মুগ্ধ চোখে চেয়ে। সে থামল, লোভনীয় পাপড়িগুলোতে নাক চেপে ধরে পরম আনন্দে শুঁকতে লাগল।
দলের বাকিরা সামনে এগিয়ে গেল।
মা নেকড়ে গোলাপের প্রেমে এমন মজে গেল যে সময়ের হিসাব হারিয়ে ফেলল।
অন্য নেকড়েরা এগোতে এগোতে এক বিশাল ভালুক পরিবারের আস্তানার খুব কাছে চলে গেল। ছানাদের জন্য ভয় পেয়ে ভালুকেরা আক্রমণ করল। নিজেদের ছানাদের জন্য ভয় পেয়ে নেকড়েরাও আক্রমণ করল।
এক বিশাল ভালুক তার প্রকাণ্ড নখ দিয়ে বাবা নেকড়েকে ফালাফালা করে দিল। সে কুঁইকুঁই করতে করতে ঝোপের মধ্যে চলে গেল।
বড় ভাই নেকড়ে তাকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে গেল, আর অন্য নেকড়েরা লড়াই চালিয়ে গেল।
মা নেকড়ে ঝাড় থেকে একটা গোলাপ ভেঙে নিল, একটা কাঁটায় তার ঠোঁট কেটে গেল। দলটাকে ধরতে সে দুলকি চালে এগিয়ে চলল।
মা নেকড়ে যখন পৌঁছাল, লড়াই ততক্ষণে শেষ। নেকড়ে আর ভালুক দুই পক্ষই তাদের আহতদের সেবা করছিল। কেউ কেউ মরে পড়ে ছিল।
ঝোপের মধ্যে বাবা নেকড়ে শ্বাস নিতে হাঁসফাঁস করছিল, ভয় পাচ্ছিল তার পরের নিঃশ্বাসটাই হয়তো শেষ নিঃশ্বাস।
হঠাৎ মা নেকড়ে এসে হাজির হলো, দাঁতের ফাঁকে একটা গোলাপ চেপে ধরা।
অশ্রুভরা চোখে সে ধীরে ধীরে বাবা নেকড়ের কাছে গেল। ঠিক তার নাকের সামনে গোলাপটা ফেলে দিল।
তার শেষ নিঃশ্বাসটিই ছিল তার সবচেয়ে মহিমাময় নিঃশ্বাস।
পেম্বা উমোজার একটি গল্প