প্রথম ট্রেনযাত্রা
প্রথমবারের একটি গল্প

“এটা ওদের প্রথম ট্রেনযাত্রা, আপনি কি একটু উঠবেন?” নিখুঁত গোলাপি নখের শান্ত চেহারার এক পেশাদার মহিলাকে বলেন কন্ডাক্টর।
“কিন্তু আমি তো আগে এসেছি,” তিনি উত্তর দেন।
“আপনি চার-আসনের জায়গায় বসে আছেন, ম্যাডাম।”
“তাতে কি আমার আগে আসার ব্যাপারটা বদলে যায়?”
“না, তা বোধহয় যায় না, কিন্তু এটা ওদের প্রথম ট্রেনযাত্রা।”
“হ্যাঁ, আমরা আগে কখনো ট্রেনে চড়িনি,” বলে ছিটছিটে দাগওয়ালা, কৌতূহলী চোখের লালচুলো ছেলেটি।
পেশাদার মহিলা তাদের সবাইকে উপেক্ষা করেন।
কাজ চালিয়ে যেতে যেতে ল্যাপটপের আলোয় তাঁর মুখ উজ্জ্বল হয়ে থাকে।
“তাহলে,” বলেন কন্ডাক্টর, “বসেই পড়ো। একটু চাপাচাপি হবে, কিন্তু চারটে আসন তো আছে। তোমরা তিনজন আর…”
তিনি মহিলার দিকে তাকান, আর কিছু বলেন না।
দুই ভাই তাদের ঠাকুমার সঙ্গে বসে।
প্রথমে তারা চুপচাপ থাকে।
পেশাদার মহিলা ব্যস্ত হয়ে টাইপ করেন।
লালচুলো ছেলেটি তার ভাইয়ের দিকে উঁকি মেরে তাকায়।
এক মাথা ঝাঁকড়া কালো চুল আর কালো চোখের ভাইটি চোখ কুঁচকে তাকিয়ে থাকে।
“কলা!” হঠাৎ তারা চেঁচিয়ে ওঠে।
পেশাদার মহিলা এক মুহূর্তের জন্য মুখ তুলে তাকান।
“কলা!” আবার চেঁচায় তারা।
পেশাদার মহিলা মাথা নাড়েন।
ঠাকুমা ছেলেদের দিকে উঁকি মেরে তাকান।
তারাও উঁকি মেরে ফিরে তাকায়।
“কলা!” তিনজন একসঙ্গে চেঁচিয়ে ওঠে।
পেশাদার মহিলা আবারও মুখ তোলেন, ভুরু কুঁচকে।
“ছেলেরা! আমার কাছে খুব সুস্বাদু কিছু কলা আছে। তোমাদের জীবনের প্রথম ট্রেনযাত্রার জন্য এনেছি।”
“ইয়ে! ঠাকুমা, ইয়ে!” চেঁচায় ছেলেরা।
ঠাকুমা কলাগুলো বের করে সবার হাতে দেন।
ছেলেরা খেতে শুরু করে — মুখ হাঁ করে।
“ও মা,” বলেন ঠাকুমা।
“অন্য সময় হলে আমি তোমাদের মুখ বন্ধ করে খেতে বলতাম…”
তিনি টাইপ করতে থাকা পেশাদার মহিলার দিকে তাকান। তাঁর গোলাপি নখগুলো ছুটন্ত ট্রেনের চেয়েও দ্রুত চলছে।
“কিন্তু এবার,” খোলা মুখে কলার টুকরো নিয়ে কথা বলতে বলতে তিনি বলেন, “এবার একদম ঠিক আছে!”
ছেলেরা হো হো করে হেসে ওঠে।
পেশাদার মহিলা মুখ তোলেন, জোরে একটা বিরক্তির নিঃশ্বাস ছাড়েন, ল্যাপটপ বন্ধ করে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ান।
তিনি রুক্ষভাবে ছেলেদের আর তাদের ঠাকুমার পাশ দিয়ে ঠেলে বেরোন।
আর একটা কলার খোসায় পা হড়কে যান।
তাঁর নখও ফেটে যায়।
“ইয়ে! জানালার পাশের সিট!” চেঁচিয়ে ওঠে ছিটছিটে দাগওয়ালা, কৌতূহলী চোখের লালচুলো ছেলেটি।
পেম্বা উমোজার একটি গল্প