এডনার সঙ্গে একদিন
ভালোবাসা আর বেঁচে থাকার শিক্ষা

এডনা তাঁর স্বামী এডের সঙ্গে থাকতেন ড্যানির বাড়ির উল্টো দিকে, পৃথিবীর সবচেয়ে সুন্দর পাড়ায়, কাঠবিড়ালি আর হরিণে ভরা গাছপালায় ঘেরা। এডনা আর এডের কোনো সন্তান ছিল না, কিন্তু তাঁদের ছিল একটা সুন্দর ছোট্ট সবুজ টিয়া, যে রান্নাঘরের জানালার পাশে একটা খাঁচায় থাকত।
ড্যানি পাশের বাড়িতে তার বাবার সঙ্গে থাকত। ড্যানি যখন নিতান্ত শিশু, তখন তার মা মারা যান। ড্যানির তিনজন বড় ভাই ছিল, কিন্তু তারা সবাই নিজেদের জীবন শুরু করতে দূরে চলে গিয়েছিল। তাই ড্যানি তার বাবার সঙ্গে একা থাকত।
সপ্তাহে একবার ড্যানি এডনা আর এডের বাড়িতে যেত ঘর পরিষ্কার করতে, ঝোপ ছাঁটতে আর বাগানের যত্ন নিতে। এড রোজ একই জায়গায় একই চেয়ারে বসতেন। এড বসতেন ডান দিকের চেয়ারে, আর এডনা বসতেন বাঁ দিকের চেয়ারে।
এডনা যখন ছোট্ট সবুজ টিয়াটাকে খাঁচা থেকে ছেড়ে দিতেন, সেটা ঘরের এপার থেকে উড়ে গিয়ে সোজা এডের আঙুলে বসত। আর প্রতিবার এড বড়, উজ্জ্বল একটা হাসি হাসতেন।
একদিন এড মারা গেলেন, আর টিয়াটাও মারা গেল। এডনা একেবারে একা হয়ে গেলেন।
ড্যানি তখনো এডনাকে সাহায্য করতে তাঁর বাড়িতে যেত। একদিন এডনা বললেন, “এসো, আমার কাছে বসো, ড্যানি। আজ তোমাকে একটা কথা বলতে চাই।”
ড্যানি সেই চেয়ারে বসল, যেখানে এড সবসময় বসতেন।
“আমি এখন বুড়ো হয়ে গেছি,” বললেন এডনা। “নিজের ইচ্ছেমতো জীবন কাটানোর সুযোগ আমার ছিল, কিন্তু যখন আমার বয়স কম ছিল, অন্য লোকে কী ভাবছে আর কী বলছে তা নিয়েই সবসময় চিন্তা করতাম। যে জীবনের স্বপ্ন দেখতাম, সেভাবে না বেঁচে, অন্যরা যেভাবে চাইত সেভাবেই বেঁচেছি।”
ড্যানি বুঝতে পারল না কী বলবে, তাই সে কিছুই বলল না।
এডনা বলে চললেন, “এসব কথা বোঝার পক্ষে তুমি হয়তো এখনো ছোট, কিন্তু আমি তোমাকে এটা বলতে চাই। জীবনে তুমি যা চাও, তা-ই কোরো। তুমি যেভাবে চাও আর স্বপ্ন দেখো, সেভাবে বাঁচো। অন্যরা কী ভাবছে বা বলছে, তা নিয়ে চিন্তা কোরো না। ওদের কেউই — ওই মানুষগুলোর কেউই — সারা জীবন তোমার সঙ্গে থাকবে না।
“আমাকে দেখো,” হেসে বললেন এডনা। “আমি এখন একা। ওই মানুষগুলোর কেউই আর এখানে নেই, অথচ ওরা কী ভাবছে তা নিয়ে সারাক্ষণ চিন্তা করেই আমি জীবনটা কাটিয়েছি।”
এডনা জানালা দিয়ে বাইরে তাকালেন। একটা ছোট্ট কাঠবিড়ালি একটা বাদাম চিবোচ্ছিল। একটা হরিণ পাশ দিয়ে যেতে যেতে কাচের ভেতর দিয়ে এক ঝলক তাকাল। একটা ব্লু জে পাখি একটা ছোট সবুজ ঝোপের ডালে এসে বসল। হলুদ, সবুজ, লাল আর নীল ফুল মাটি থেকে উঁকি দিচ্ছিল। তখন বসন্তকাল।
এডনা হাসলেন। “শুধু বাঁচো, ড্যানি। যখন সুযোগ আছে, তখন বাঁচো।”
পেম্বা উমোজার একটি গল্প