এক লাজুক ছেলে
নেতৃত্ব কী?

“কখনো কখনো কাউকে একটা লম্বা, ঠান্ডা, নিঃসঙ্গ করিডরে একা দাঁড়াতে হয়, সঙ্গে শুধু একটা ভাবনা, আরও ভালো কিছুর একটা স্বপ্ন। যা-ই আমাদের সেখানে নিয়ে যাক—আশা, হতাশা, এই উপলব্ধি যে আমাদের শুধু একটা ভালো পৃথিবীর কামনা করলেই চলবে না, তাকে গড়েও তুলতে হবে।”
স্যামুয়েলের বাবা বসে পড়লেন। শ্রোতারা হাততালি দিল।
সূর্য ডোবার সময় দিগন্তে মেঘ জমে উঠল। স্যামুয়েল আর তার বাবা হাত ধরাধরি করে বাড়ির পথে হাঁটতে শুরু করলেন।
“বাবা, নেতৃত্ব কী?” লাজুক ছেলে স্যামুয়েল জিজ্ঞেস করল।
স্যামুয়েলের বাবা অবাক হয়ে গেলেন। স্যামুয়েল ছিল লাজুক ছেলে। কিন্তু এটা ছিল খুবই গভীর একটা প্রশ্ন, তার বয়সের তুলনায় অনেক বেশি পরিণত, অন্তত তার বাবার তাই মনে হলো।
ঠিক তখনই বৃষ্টি শুরু হলো।
বাবা আর ছেলে দুজনেই হাসতে শুরু করল।
“নেতৃত্ব হলো বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার মতো,” ঘোষণা করলেন স্যামুয়েলের বাবা।
তাঁর ছেলে হেসে উঠল।
“বৃষ্টির মধ্যে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকা,” জোর দিয়ে বললেন তিনি।
স্যামুয়েল বুঝতে পারল না কী করবে। তার গাল গোলাপি হয়ে উঠল। দুজনেই হো হো করে হেসে ফেলল।
“কখনো কখনো নাচা,” ঘোষণা করলেন তিনি, কোমর দোলাতে দোলাতে, আর বৃষ্টির ফোঁটা তাঁর গাল বেয়ে গড়িয়ে পড়ছিল।
“কখনো কখনো জল-জমা গর্তে শুয়ে থাকা।” তিনি একটা মজার, দুঃখী মুখ করলেন।
স্যামুয়েলের বাবা নিচে তাকিয়ে বৃষ্টিতে ভেজা ছেলেকে দেখলেন।
“আর আমরা কেউই একা নেতৃত্ব দিই না,” স্যামুয়েলকে কোলে তুলে নিতে নিতে তিনি বললেন। “আমরা একে অপরকে বয়ে নিয়ে এগিয়ে যাই।”
স্যামুয়েলের বাবা তাকে কোলে করে একটা আশ্রয়ে নিয়ে গেলেন। আর বিদ্যুতের ঝলক আর বজ্রের গর্জনে আকাশ যখন ভরে উঠল, তাঁরা সেখানেই রইলেন।
পেম্বা উমোজার একটি গল্প